নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ রাত ১১:১৬:২৭
সংসদে উত্থাপিত না হওয়া অধ্যাদেশের কী হবে, জানালেন চিফ হুইপ
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে পাস হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অধ্যাদেশ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ৯ তারিখের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাস করার চেষ্টা করবো। যেগুলো উত্থাপিত হবে না, তা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশনের এক মাসের মধ্যে সব অধ্যাদেশ অনুমোদন করার নিয়ম। তবে স্পিকারের বিশেষ আদেশে এরপরও দুয়েকটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ইতোমধ্যেই কার্যকর হয়ে গেছে এমন অধ্যাদেশ আর আইন করার প্রয়োজনীয়তা নেই বলেও জানান তিনি।
জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, এটির বিষয়ে আমরা অটল। প্রতিটি অক্ষর পালন করবো। তবে রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন, তা তিনি করতে পারেন না।
চিফ হুইপ অভিযোগ করেন, মানুষের কাছে অসত্য কথা বলা হয়েছে। আসলে বিএনপিই জুলাই সনদের পক্ষে। আমরা রোববার মুলতবি প্রস্তাবে আবার সনদ বাস্তবায়নের পথ নিয়েই আলোচনা করবো।