৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: নরসিংদীতে খায়রুল কবির খোকন
বিএনপি নির্বাচনী ইশতেহার যা ঘোষণা করেছিলো তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আমাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের জন্য যে ওয়াদা ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো তা বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, বয়স্ক প্রতিবন্ধীদের সহযোগীতা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতদের বেতনসহ সামাজিক সুরক্ষার জন্য যা যা দরকার সমস্ত কিছু করা হচ্ছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে, মঙ্গলে একটি সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খায়রুল কবির খোকন বলেন, আমরা মানুষের সাথে প্রতারণা, বেইমানি বা বিশ্বাসঘাতকতা করি না। এই কারণে জনগণ আমাদের বারবার দেশ পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি ৫ বার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ গুম, খুন, নিপিড়ন, লুটপাত, দুর্নীতি ও অন্যায় অত্যাচার করেছে। যার কারণে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে দলটি নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সকল দোসর ও প্রেতাত্বারা আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ব্যাপারে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, কোন ধরনের মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যতাসহ অন্যায়ে ছাড় দেওয়া হবে। এসব কাজে যদি নিজ দলের নেতাকর্মীও জড়িত থাকে তারও কোন ছাড় হবে না। আমাদের দলে কোন অপরাধীদের জায়গা নেই। পুলিশ এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে যারই সংশ্লিষ্টতা পাবে তাকেই আইনের আওতায় নিয়ে আসবে। এক্ষেত্রে দলীয় কোন পরিচয় বিবেচ্য হবে না। আলোকবালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকান বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার প্রমুখ।