নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৩:৫৪
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও রাজা তৃতীয় চার্লসের ভাই, সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশ। তার বিরুদ্ধে সরকারি পদে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টেমস ভ্যালি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তের অংশ হিসেবে, আমরা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করেছি এবং বার্কশায়ার ও নরফোকের তার ঠিকানাগুলোতে তল্লাশি চালাচ্ছি। লোকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে জাতীয় নির্দেশিকা অনুসারে, আমরা গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রকাশ করব না।’
যুক্তরাষ্ট্রের যৌন হেনস্তাকারী জেফরি এপস্টেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েকদিন ধরেই চাপে ছিলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর, যিনি ডিউক অব ইয়র্ক নামেও পরিচিত। এর জেরে অক্টোবরের শুরুতে ডিউক অভ ইয়র্কসহ নিজের সব রাজকীয় পদবী ছেড়ে দিয়েছিলেন সাবেক এই ব্রিটিশ প্রিন্স। সেই সঙ্গে তাকে ছাড়তে হয়েছে রাজপ্রাসাদও।
এর কয়েকদিন আগে প্রকাশিত মরণোত্তর স্মৃতিকথায় আলোচিত নারী ভার্জিনিয়া জিওফরে লিখেছেন, কিশোরী বয়সে তিনি প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার শারীরিক সম্পর্ক করেছেন। যা অ্যান্ড্রু অস্বীকার করেছেন।
২০২৫ সালের শুরুর দিকে আত্মহত্যা করেন ভার্জিনিয়া জিওফরে। মৃত্যুর পর তার স্মৃতিকথাটি প্রকাশ পায়। অ্যান্ড্রু প্রিন্স খেতাব হারানোর পর ভার্জিনিয়ার পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘তিনি তার সত্য এবং অসাধারণ সাহস দিয়ে এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছেন।’
টেমস ভ্যালি পুলিশ আরও জানায়, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে এপস্টাইনের সঙ্গে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ তারা খতিয়ে দেখছে। অভিযোগটি ঘিরে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে বলে জানানো হয়।
সূত্র: বিবিসি, আলজাজিরা