নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬ দুপুর ১২:২৮:১৬
ইরানে আবারও মার্কিন সামরিক বাহিনীর হামলা
ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী আবারও হামলা চালিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে ২৭ মে বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাতে জানানো হয়, ইরানের বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যেখান থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। তাদের বাহিনী হরমুজ প্রণালির আশপাশে হুমকি চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে।
ইরানি গণমাধ্যম বলেছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, গত মঙ্গলবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অর্থাৎ তিনদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো।
এদিকে, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে তার যুদ্ধকৌশল প্রভাবিত হবে না।