নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:৪৫
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২ জুলাই শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।
পরীক্ষার সময় ও বিন্যাস
সূচিতে জানানো হয়েছে, পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী চলবে। এমসিকিউ (বহুনির্বাচনী) এবং সিকিউ (সৃজনশীল) উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
১০০ নম্বরের বিষয়: ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
ব্যবহারিক যুক্ত বিষয়: ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সাড়ে ৯টায় উত্তরপত্র বিতরণ করা হবে এবং ১০টায় দেওয়া হবে প্রশ্নপত্র। দুপুর ২টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে ১টা ৩০ মিনিটে উত্তরপত্র বিতরণ করা হবে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড বেশ কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে:
১. আসন গ্রহণ: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৩. পাসের নিয়ম: পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৪. ঘড়ি ও ক্যালকুলেটর: পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) এবং কাটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৫. মোবাইল ফোন নিষিদ্ধ: পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেন না। কেবল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাবেন।
এ ছাড়া উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করার এবং উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার বিস্তারিত রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।