নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:০১
হলে সিট বরাদ্দের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মামুন বলেন, ‘আমাদের অনেক বড় ভাই রয়েছে, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারা অবৈধভাবে সিট দখল করে আছে। ঢাকা কলেজ প্রশাসন গত এক বছর আগে তাদের হল ছাড়ার নোটিশ দিলেও তারা এখনো হলে অবস্থান করছে। বড় ভাইয়েরা যে সিট ছাড়ছে না, এ বিষয়ে কলেজ প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। অনেকেই হলে অবস্থান করছে যারা আমাদের সহপাঠী, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি।’
তিনি বলেন, ‘গত এক বছর আগে হলের সিটের জন্য আমরা যে কাগজপত্র জমা দিয়েছি। সে বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। কিন্তু আমরা দেখতে পাই, তিতুমীর ও ইডেন কলেজে গত সাত-আট মাস আগেই সিট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা কলেজে চলছে প্রহসন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের হলে সিট বরাদ্দ না দেওয়া হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে বিভাগ ও প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে দেব, তবুও আমাদের ন্যায্য অধিকার বুঝে নেব।’
মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বৈধ কোনো সিট বরাদ্দ পাইনি। এখানে এক ধরনের অরাজকতা চলছে-যে যেভাবে পারছে, সে সেভাবেই হলে উঠে পড়ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমি ঢাকা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যখন হলে সিট বরাদ্দ দেবে, তখন যেন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। আবাসিক হলে সিট বরাদ্দ পাওয়া একজন শিক্ষার্থীর অধিকার। তাই দ্রুত আমাদের আবাসন সমস্যার সমাধান করা হোক।’