নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ রাত ১০:০৭:০৯
তিন দিনে প্রবাসীরা পাঠালেন ৬৪৬০ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম তিনদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ছয় হাজার ৪৬০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ৯৯৬ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম তিনদিনে রেমিট্যান্স এসেছিল ৩৩ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৮ দশমিক ১০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ১৯৮ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।