মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ রাত ০৭:২৩:০৮
বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৩ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গড়মাটি এলাকায় মহাসড়কে একটি ট্রাক চলার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু মিয়ার মৃত্যু হয় এবং আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।