রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ থেকে:
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৭:২৮:৪৮
পদ্মাসেতু এলাকায় পরিদর্শন ও ভাড়া নিয়ন্ত্রণে অভিযান চালালেন ইউএনও
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পদ্মাসেতুর টোলপ্লাজা ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
মঙ্গলবার (১৭ মার্চ) পদ্মাসেতু এলাকায় পরিদর্শনকালে যানবাহনের কিছুটা চাপ লক্ষ্য করা গেলেও সার্বিকভাবে সড়কে স্বাভাবিক চলাচল ছিল। টোলপ্লাজার মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনের অংশ হিসেবে পদ্মা সেতু কর্তৃপক্ষের নবনির্মিত বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।
এ সময় পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আখতার হোসেন উপস্থিত ছিলেন এবং প্রশাসনের এ কার্যক্রমে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারির ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ হবে।