মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৩৮
জামালপুরে বাস উল্টে -অটোরিকশার উপরে পড়ে নিহত ৪, আহত ২০
জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজীব পরিবহনের একটি বাস উল্টে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হওয়ার উপক্রম হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশাটির ওপর পড়ে। এতে দুই যানবাহনের যাত্রীরা চাপা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।