ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪১:২৯
ছাতকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ. ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বৌলা মহল্লায় অবৈধভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে একটি দল বৌলা মহল্লার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে অনুমোদনহীনভাবে মজুদ রাখা ১৫০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
অভিযানে প্রমাণ পাওয়া যায়, বাড়ির মালিক আব্বাছ উদ্দিন কোনো লাইসেন্সধারী গ্যাস সিলিন্ডার বিক্রেতা নন। তা সত্ত্বেও তিনি বাসাবাড়িতে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন ছাড়া এভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুদ করা হয়েছিল। বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১২–এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্য আদায় ও লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা হয়রানির শিকার হবেন না।