নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৫৯
নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি লাভলু
টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আসন্ন উৎসবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এই পরিদর্শন করা হয়। তিনি নাগরপুর উপজেলার উল্লেখযোগ্য বেশ কয়েকটি পুজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে রবিউল আউয়াল লাভলু মণ্ডপের প্রতিমার কাজ এবং সাজসজ্জা ঘুরে দেখেন। তিনি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে পূজা পালনে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করব।”
তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে তিনি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিদর্শনকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ- সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন,ছাত্রদলের আহ্বায় মীর খালিদ মাহমুদ রাসেলসহ স্থানীয় নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।