শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ রাত ০৭:০৫:০১
মতলবে হত্যাকাণ্ড: ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে আসামি গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদপ্রাপ্তির মাত্র ৭ ঘণ্টার মধ্যেই সাতক্ষীরা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মতলব দক্ষিণ থানাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় ইয়াকুব প্রধানের এম.এস.পি এগ্রো নামীয় গরুর খামারের উত্তর-পশ্চিম পাশের একটি টিনশেড ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খামারের মালিক ইয়াকুব প্রধান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সাগর হোসেন (২৩), পিতা- আব্দুল জব্বার, সাং- পায়রাডাঙ্গা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা এবং নিহত মঞ্জিল প্রামাণিক (৭০), পিতা- মঞ্জু শেখ, সাং- বাড়ৈগাঁও, নারায়ণপুর পৌরসভা, মতলব দক্ষিণ, চাঁদপুর—উভয়েই গত ৩-৪ বছর ধরে ওই খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
খামারের কাজ, বিশেষ করে গরুকে খাবার দেওয়া ও অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হতো। এ থেকেই তাদের মধ্যে পূর্ব শত্রুতার সৃষ্টি হয়। এরই জেরে গত ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সাগর হোসেন ভিকটিমের মাথার পেছনে আঘাত করে। এতে মঞ্জিল প্রামাণিক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপরই আসামি পালিয়ে ঢাকা হয়ে গুলিস্তান থেকে সাতক্ষীরাগামী টিকিট সংগ্রহ করে ভারত পালানোর চেষ্টা করে। সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই জীবন ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক অভিযান চালায়। প্রথমে যশোর এলাকায় চেকপোস্টে তাকে আটকের চেষ্টা ব্যর্থ হলেও পরবর্তীতে সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সীমান্ত অতিক্রমের আগেই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।