রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:০০:৪৭
বগুড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে এবং বগুড়া পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা এবং আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকার জন্যও তারা সবাইকে সচেতন করেন।
জেলা প্রশাসনের এ কর্মসূচিতে বগুড়া পৌরসভার কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।