মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৩৩:২০
মহাদেবপুরে ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক ভূমি অফিস কর্মচারীর বিরুদ্ধে নামজারি (খারিজ) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরগ্রাম এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেন ২০২৫ সালের জুলাই মাসে পৈত্রিক সম্পত্তির খাজনা পরিশোধ করতে উত্তরগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় অফিসের লোকজন তাকে নামজারি করার পরামর্শ দেন।
অভিযোগ অনুযায়ী, উত্তরগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী (বর্তমানে উপজেলা ভূমি অফিসে কর্মরত) মো. রাসেল দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে মোতালেব হোসেনের কাছ থেকে মোট ১৪ হাজার ৫০০ টাকা নেন। এর মধ্যে প্রথমে ৭ হাজার টাকা এবং পরে বিভিন্ন খরচের কথা বলে আরও ৭ হাজার ৫০০ টাকা গ্রহণ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করে প্রায় ৮ মাস ধরে তাকে হয়রানি করা হয়। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার জমির নামজারি এখনও সম্পন্ন হয়নি।
পরে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) বরাবর মৌখিক অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্তকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৬ মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে মোতালেব হোসেনকে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। তবে এখনও ৪ হাজার ৫০০ টাকা বাকি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়াও অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মহাদেবপুর ভূমি অফিসে গিয়ে অভিযুক্ত রাসেলকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মহাদেবপুর উপজেলা ভূমি কর্মকর্তা জান্নাতুন নাইম বিনতে আজিজ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।