হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:৫৮
সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা মনোনীত
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা। তারা হলেন—জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগম এবং বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি ও নাদিয়া পাঠান পাপন।
ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মমতাজুল করীমের মেয়ে। তার পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামের বাসিন্দা। তিনি একজন গৃহিণী এবং তার স্বামী একটি বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে কর্মরত।
সানজিদা ইসলাম তুলি নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের হাজী মফিজুল ইসলামের মেয়ে। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। তিনি বিজয়নগর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করে পরবর্তীতে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। রাজনৈতিক জীবনে ২০০০ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপ্রাপ্ত এই চার নারীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তারা সংসদে নারীর প্রতিনিধিত্ব শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।