খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ রাত ০৮:৪৮:২০
নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্বোধন
দেশীয় পণ্যের প্রসার, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, “এই বাণিজ্য মেলা গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। কারণ, এ মেলায় আমাদের দেশীয় পণ্য বিক্রি হবে। দেশীয় পণ্যের প্রসার এবং স্থানীয় অর্থনীতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মেলায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আয়োজক কমিটিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে মেলায় আসতে পারেন এবং নিরাপদ পরিবেশে কেনাকাটা ও ঘোরাফেরা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
মেলার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, মেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন পরিস্থিতি এড়াতে আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।