শামীম আহমেদ জয়, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৭:১৭
মতলব উত্তরে মিড-ডে মিলে পচা রুটি খেয়ে অসুস্থ শিক্ষার্থী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা রুটি খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার প্রভাতী শিশুকানন মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীর নাম ইসরাত জাহান, সে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
শিক্ষার্থীর বাবা কামাল হোসেন প্রধান জানান, “বাড়িতে এসে দেখি আমার মেয়ে বমি করছে। পরে জিজ্ঞাসা করলে সে জানায়, স্কুলে দেওয়া রুটি খেয়ে তার এমন অবস্থা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিই। পরে প্যাকেটে থাকা আরেকটি রুটি দেখে বুঝতে পারি সেটি পচা ও দুর্গন্ধযুক্ত ছিল।”
তিনি অভিযোগ করে বলেন, এ ধরনের পচা ও নষ্ট খাবার শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা আক্তার বলেন, “প্রত্যাশী সংস্থার কর্মীরা যে রুটির বক্স আমাদের কাছে সরবরাহ করেছে, সেখান থেকেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা বুঝতে পারিনি যে রুটির মধ্যে কোনো সমস্যা ছিল। পরে এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি জানতে পেরে গুরুত্বসহকারে বিষয়টি দেখছি।”
এ ঘটনায় সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী’র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।