নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৫:৪৬
নাজিরপুরে ডাকাতির চেষ্টা: বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিক ও ডাকাতদের মধ্যে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে ৭ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির মালিককে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।
পরে আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফ বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
নিহত ডাকাতের পরিচয় দুলাল বলে জানা গেছে। তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে। পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল বাহাদুর একজন বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছিল। তবে পরিবারের প্রতিরোধের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পর ওই ডাকাত মারা যান। এছাড়া আহত বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।