মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি:
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:৩৩
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদরাসা শিক্ষার্থীর বাড়িতে বোমা বিশেষজ্ঞ টিম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বিস্ফোরণে আহত মাদরাসা শিক্ষার্থী মো. মতিউর রহমান মোল্লার (২৫) বাড়ি পরিদর্শন করেছে পুলিশের বোমা ডিসপোজাল টিম। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আসা টিমটি উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় তার বাড়িতে পৌঁছে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
দুপুর ২টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করে টিমের সদস্যরা বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেন। এ সময় একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মতিউর রহমান মোল্লা দেড় মাস আগে প্রথম ককটেলসদৃশ বিস্ফোরক তৈরি করে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদরাসার পাশে বিস্ফোরণ ঘটায়। এরপর গত ২২ মার্চ নিজ গ্রামের বাড়ির পাশেও একই ধরনের বিস্ফোরণ ঘটায়। সর্বশেষ ২৩ মার্চ বাড়িতে বসে আরও একটি বিস্ফোরক তৈরির সময় বিস্ফোরণ ঘটলে তার হাত-পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
তিনি আরও জানান, আহত মতিউরকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় মতিউর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।