ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫৯:১১
পাবনার বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আদম আলী (৬০) আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাসিন্দা এবং আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আদম আলী একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত আদম আলী তমা হত্যা ও ধর্ষণ সহ একাধিক মামলার প্রধান আসামি ছিলেন।