মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৯:৫৮:৫০
মতলব উত্তরে জাটকা রক্ষায় ৬ জেলে আটক ও ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি কঠোর অবস্থান নিয়েছে। দুই মাসব্যাপী নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই পদ্মা-মেঘনা নদীতে দিন-রাত ব্যাপক নৌ টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের তৃতীয় দিনেও অবৈধভাবে জাটকা আহরণের দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে দুটি মাছধরা নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে নদীর বিভিন্ন স্থানে মালিকবিহীন অবস্থায় পাওয়া প্রায় ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে মৎস্য আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটককৃত জেলেরা হলেন, মহসীন (৪৬), মো. রনি জম্মাদার (২৩), মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৬), মো. রিপন (২১), মো. রাসেল ওরফে ফয়সাল (২৩) এবং মো. জনি জমাদ্দার (২০)। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফাঁড়ি সূত্র জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নদীপথে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। মোহনপুর, বাহাদুরপুর, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ গুরুত্বপূর্ণ মাছ আহরণ এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল ব্যবহার করে জাটকা শিকারের দায়ে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলী বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের মূল ভিত্তি। আজকের জাটকা রক্ষা করতে পারলে আগামী দিনে ইলিশ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, শুধু আইন প্রয়োগ নয় জেলে ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে। হাট-বাজার, মাছ আড়ৎ ও লঞ্চঘাট এলাকায় সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ এবং জেলে পল্লীতে উঠান বৈঠকের মাধ্যমে জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সরকারের প্রদত্ত প্রণোদনা, বিকল্প কর্মসংস্থান ও আইনগত বিধান সম্পর্কেও জেলেদের অবহিত করা হচ্ছে।