রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:৫১
লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং, ১১ হাজার টাকা জরিমানা
রায়পুরে সড়ক পরিবহন আইন ও পৌরসভা আইন লঙ্ঘন, ফুটপাত দখল, অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংসহ বিভিন্ন অপরাধে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে রায়পুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুল করিম টিপু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী ফুটপাত দখল, অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় যানবাহন ও মোটরসাইকেল সংশ্লিষ্ট অপরাধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে পার্কিং করা যানবাহন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুল করিম টিপু বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং আইন অমান্য করে যানবাহন পার্কিং থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা।
সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং পৌর এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।