কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ রাত ১১:৩৭:২২
উখিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
কক্সবাজারের উখিয়া উপজেলায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) পাইন্যাসিয়া ও জালিয়াপালং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা–র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ড্রেজারের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পূর্ব পাইন্যাসিয়ার বাসিন্দা মোহাম্মদ বাহাদুর আলম (৫০)–কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।