নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:১৯
মাধবদীতে সৎ বাবার থেকে কিশোরীকে ‘ছিনিয়ে নিয়ে হত্যা'
নরসিংদীর মাধবদীতে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীকে সৎ পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা হয় ।
গতকাল বাবা আশরাফ হোসেন তার কাজ শেষ মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছলে নূরার নেতৃত্বে আরো ৫ জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে তোলে নিয়ে যায়। পরে পরিারেরর লোকজনসহ বেশ কিছুক্ষন খোঁজাখুজির পর না পেয়ে বাড়ি ফিরে যায়। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি মেয়েটির সাথে নুরার প্রেমের সম্পর্ক ছিলো। এটি মেয়েটির পরিবার মেনে নেয়নি। গতকাল তাকে বাবার কাছ থেকে নুরা তোলে নিয়ে গেছিলো। পরে সকালে মরদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। আর ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।