রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর:
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩০
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করাই এখন চ্যালেঞ্জ: এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, দেশে দীর্ঘ ১৭ বছর কোনো নির্বাচিত সরকার ছিল না। এই সময়ে জমে থাকা নানা সমস্যা ও অনিয়ম এখন দূর করাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “এই ১৭ বছরের জঞ্জাল ও আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে।”
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।
তিনি বলেন, যেহেতু এখন নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে, তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হবে। দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে এবং জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, সে সময় এর সুফল পাওয়া গিয়েছিল। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং মাছ চাষের প্রসার ঘটেছিল। ফলে অনেক এলাকাই স্বনির্ভর হয়ে উঠেছিল। সেই কর্মসূচিকে আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ্যানি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করা হয়েছে। এসব খালে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে আছে এবং বিভিন্ন স্থানে অবৈধ দখল রয়েছে। এসব অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না।
তিনি দখলদারদের সতর্ক করে বলেন, খাল দখল ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। একদিকে খাল খনন অব্যাহত থাকবে, অন্যদিকে সবাইকে সচেতন হতে হবে। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচি সফল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।