মো. আলমগীর হোসেন পাটোয়ারী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ রাত ০১:১৬:২৬
পীরগাছায় অবহেলিত ডোবায় ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোক
রংপুরের পীরগাছা উপজেলায় ঈদের আনন্দের মধ্যেই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। বসতবাড়ির পাশের একটি অবহেলিত গভীর ডোবায় পড়ে ওমর ফারুক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীর গরুর খামারের বর্জ্য ও পানি নিষ্কাশনের জন্য প্রায় দুই বছর আগে খনন করা গভীর গর্তটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। একাধিকবার সতর্ক করা হলেও গর্তটি ভরাট বা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সেখানে সবসময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।
পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি ওই ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবার এ ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রতিবেশীর অবহেলাকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের অবহেলা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।