কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ০৬:১৫:৪৭
বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে গ্রেফতার ইমি কারামুক্ত
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি (৩০) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি কারামুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
তিনি বলেন, “জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।”
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি। ওই সময় তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন।
পরদিন ইমি, আসিফ আহমেদ, মামুনসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।