ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:২৯
ডামুড্যায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে ইউএনও, আর্থিক সহায়তা প্রদান
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত শ্রমিক মো. ফারুক হাওলাদারের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইকারী গ্রামে নিহত ফারুক হাওলাদারের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী। এ সময় তিনি নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “কয়েকদিন আগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে ফারুক হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের খোঁজখবর নিয়েছি এবং মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেছি।”
উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকার এ সামাদ ইসলামী একাডেমির পাশে প্রবাসী ফেরদৌসীর নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মো. ফারুক হাওলাদার (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়।