হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৯:১২
জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
শনিবার উপজেলার বেহেলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি তাজুল ইসলাম সুজন মিয়া (৩২)। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজ নগর গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কিবরিয়া ও তার সঙ্গীয় ফোর্স বেহেলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে তাজুল ইসলাম সুজন মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
অভিযানের সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী, সাচনা (শ্মশানঘাট) এলাকার অজেন দাসের ছেলে সজিব দাস (২৫), পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।