শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি :
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৮:০৯
সৌদির সঙ্গে মিল রেখে মতলব উত্তরে আগাম ঈদ, ১০ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমানের অনুসারীরা এ ঈদ উদযাপনে অংশ নেন। সকাল ১০টার দিকে পাঁচআনী দরগা মসজিদ ঈদগাঁ মাঠ, মধ্য পাঁচআনী গাইবি জামে মসজিদ (পাঁচআনী কেন্দ্রীয় জামে মসজিদ) প্রাঙ্গণ এবং দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সাড়ে পাঁচআনী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা খলিলুর রহমান। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পরে তারা আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
জামাতে অংশ নেওয়া খতিব হাফেজ মাওলানা মুজতাজি খান বলেন, তারা চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ উদযাপন করে আসছেন। তাদের পূর্বপুরুষরাও একইভাবে ঈদ পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উপজেলার বাহেরচর পাঁচানী, আইঠাদি পাঁচানী, সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি, সাতানী লতরদী, আমিয়াপুর (আংশিক) ও উত্তর নেদামদী (আংশিক)সহ আরও বেশ কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপন করা হয়েছে।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে এসব এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের ধর্মীয় রীতি-নীতি পালন করে আসছেন।
এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশ প্রতিটি ঈদগাহে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
স্থানীয়ভাবে প্রতিবছরের মতো এবারও আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং শান্তিপূর্ণভাবে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অপরদিকে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম বলেন, ইমাম আবু হানিফা (রহ.)-এর মতানুসারে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়। আধুনিক প্রযুক্তির যুগে দ্রুত চাঁদ দেখার খবর পাওয়া সম্ভব হওয়ায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ উদযাপন করছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, উপজেলার প্রায় ১০টি গ্রামে আগাম ঈদ উদযাপন হয়েছে এবং সবগুলো জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।