মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫১:৫৮
বিদেশে পড়তে গিয়ে যুদ্ধে জড়িয়ে নিহত মৌলভীবাজারের মুহিবুর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে, যেখানে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারাতে হয়েছে তাকে।
মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ও মসুদ মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি সোমবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ।
পরিবার সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার আশায় মুহিবুর প্রথমে মেক্সিকোতে যান। কিন্তু সেখানে ভিসা জটিলতায় পড়ে অনিশ্চয়তার মুখে পড়েন। এ অবস্থায় একটি দালাল চক্র তাকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার প্রলোভন দেয়। মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্বের আশ্বাসে তিনি সেই প্রস্তাবে রাজি হন।
পরবর্তীতে তিনি রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং তাকে সম্মুখ যুদ্ধে পাঠানো হয়। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার পর এক পর্যায়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন তিনি।
জানা যায়, একটি বাংকারে অবস্থানকালে ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাশিয়ান সেনাদের জন্য খাদ্য সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। তবে তিনি ঠিক কবে নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।