মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫২
নরসিংদীতে জামায়াতের জেলা কর্মপরিষদের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত জেলা মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ১৪ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। এতে মাওলানা জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি এবং হাফেজ আনোয়ারুল ইসলাম ও মাহফুজ ভূঁইয়াকে সহকারী সেক্রেটারি নির্বাচিত করা হয়। একই সঙ্গে সায়্যেদা ফাতেমা নাজমাকে মহিলা বিভাগের সেক্রেটারি করে মহিলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমীর মো. ইব্রাহিম ভূঞা।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ অঞ্চলের টিম সদস্য ও নরসিংদী জেলার তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট মশিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও অঞ্চল টিম সদস্য মাওলানা মুসলেহুদ্দীন।
অধিবেশনে জেলা আমীর উপস্থিত শূরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন জেলা কর্মপরিষদ ও মহিলা কর্মপরিষদ গঠন করেন। এ সময় নবনির্বাচিত থানা আমীরদের নামও ঘোষণা করা হয়।
পবিত্র কোরআন থেকে দারসের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দারস পেশ করেন জেলা শূরা সদস্য হাফেজ আনোয়ারুল ইসলাম। এতে জেলা শাখার প্রায় ৫০ জন পুরুষ ও নারী শূরা সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মশিউল আলম নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানান। তিনি অতীতের দুর্বলতা কাটিয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি শূরা সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। সাংগঠনিক কার্যক্রমে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ, পরিবারের সদস্যদের অধিকার যথাযথভাবে আদায় এবং প্রতিটি কাজে মহান আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।
অধিবেশনের সমাপনী বক্তব্যে জেলা আমীর মো. ইব্রাহিম ভূঞা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।