বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৯:৩১
চরাদী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান। আজ শনিবার (১৭ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও প্রস্তুতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রশাসক আনিছুর রহমান পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপন করতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মাসুদ আকন, হিসাব সহকারী শামীম হোসেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।