বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০৮:৪০
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী
২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনের উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন,ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করে প্রকল্পের কাজ আরও গতিশীল করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির উন্নয়ন প্রকল্প অনেক আগে নেওয়া হলেও কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে প্রকল্পের প্রায় ৫৬ শতাংশ কাজ এগিয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের মাধ্যমে কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে যেখানে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলোও সংশোধন করা হচ্ছে।’
মহাসড়ক পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।