মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫২:৪৯
চা শিল্পে গুণগত মান নিশ্চিতে নতুন উদ্যোগ, শ্রীমঙ্গলে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
দেশীয় চা শিল্পে গুণগত মান নিশ্চিত ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে শ্রীমঙ্গলে ছয় দিনব্যাপী “টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এ প্রশিক্ষণের আয়োজন করে।
শনিবার (১৮ এপ্রিল) শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ।
বিটিআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় এবং ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি। এছাড়া বক্তব্য রাখেন ডানকান ব্রাদার্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে চায়ের উৎপাদন, প্রসার ও বিপণনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুণগত মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত চা উৎপাদনের বিকল্প নেই। এ লক্ষ্যেই সময়োপযোগী এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
ছয় দিনব্যাপী এ কোর্সে চা আস্বাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিলাম (অকশন), ব্লেন্ডিংসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের প্রাক-মূল্যায়ন এবং শেষে উত্তর-মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রশিক্ষণে কালো, অর্থোডক্স, সবুজ, সাদা, গোল্ডেন টিপস, সিলভার টিপস ও উলং চায়ের অর্গানোলেপটিক (স্বাদ, গন্ধ ও রঙভিত্তিক) মূল্যায়ন পদ্ধতি শেখানো হবে। পাশাপাশি চা আস্বাদনের পরিভাষা, শুকনো পাতার রেটিং, ইনফিউজড পাতার শ্রেণীকরণ এবং লিকার গ্রেডিং সম্পর্কেও হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
এছাড়া চায়ের গুণগত বৈশিষ্ট্য, সাধারণ ত্রুটি, স্ট্যান্ডার্ড গ্রেড, চা বিপণন ও নিলাম ব্যবস্থা, প্রযোজ্য আইন এবং ওডিটিএস পদ্ধতির মাধ্যমে গুণমান মূল্যায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
চা উৎপাদনে গুণগত মান নিশ্চিত করতে কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে ছাঁটাই, টিপিং, পাতা তোলা ও পাতা সংগ্রহের মান বজায় রাখার কৌশল নিয়েও বিশেষ সেশন রাখা হয়েছে। উন্নত জাত ও বিটিআরআই ক্লোনের ব্যবহার, মৃত্তিকা ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ এবং ভারী ধাতু, তেজস্ক্রিয় পদার্থ ও মাইক্রোপ্লাস্টিকমুক্ত চা উৎপাদন কৌশলও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে।
রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, ছায়া ব্যবস্থাপনা, পাতা বিশ্লেষণ এবং ব্যালোমেট্রিক কাউন্ট পদ্ধতির মাধ্যমে গুণমান নির্ধারণসহ চা উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, বাছাই ও প্যাকিং পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের কৌশল শেখানো হবে।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে চা বাগান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, নৌবাহিনীর সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চা বোর্ড, ব্রোকার্স হাউজ ও ব্যবসায়ীসহ মোট ৭৩ জন অংশগ্রহণ করছেন।