সোলায়মান হাসান, আড়াইহাজার (নারায়ণগঞ্জ):
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ রাত ০৭:১০:০৩
স্বাধীনতা অর্জনের চেয়েও রক্ষা কঠিন: নজরুল ইসলাম আজাদ
আড়াইহাজার উপজেলা সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়েও তা রক্ষা করা অনেক বেশি কঠিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও বিগত ১৭ বছরে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, সে সময়ে মানুষের বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা সীমিত হয়ে পড়েছিল। বর্তমান প্রেক্ষাপটে দেশ আবারও নতুনভাবে স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইসুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।