কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩২:২০
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইফতেখার হোসেন সিয়াম (১৪) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বন্দোবের গ্রামের নজরুল ইসলাম আকাশের ছেলে। সে কোনাবাড়ি আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করত এবং বাবা মায়ের সাথে কোনাবাড়ি পারিজাত এলাকায় বসবাস করতো।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। জ্বর বাড়লে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার রাত ১০ টার সময় তাকে রেফার্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সেলিম মিয়া জানান, রাতেই লাশ কোনাবাড়ি পারিজাত এলাকায় ভাড়া বাসায় নিয়ে আসা হয়। পরে ওই রাতেই কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় সুমাইয়া আক্তার ও ৪ সেপ্টেম্বর মোহনা আক্তার নামে আরও দুই শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় জুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই কোনাবাড়ির বিভিন্ন অলিগলি ও আবাসিক এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে জমে থাকা পানি পরিষ্কার না করা এবং মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণেই ডেঙ্গু পরিস্থিতি অবনতি ঘটছে বলে জানান তারা।