শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৭:৩১
কসবায় ৩৪ কেজি গাঁজাসহ সাবেক বিজিবি সদস্যসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ সাবেক এক বিজিবি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলার বিনাউটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত সাবেক বিজিবি সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল, যার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। অপর দুইজন হলেন মো. সহিদুর রহমান (৪৫) ও মো. হেলাল উদ্দিন (৪৫)।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, কসবা সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।