মো. সুমন মিয়া, বন্দর প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:২৪:১১
নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে টিকটকের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো— বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) এবং তার সহযোগী রোমান।
ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করে বর্তমানে বাড়িতেই অবস্থান করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে রিফাতের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৯ মার্চ (রোববার), রিফাত ওই কিশোরীকে দেখা করার জন্য বন্দর খেয়াঘাটে আসতে বলে। কিশোরীর কাছে যাতায়াত ভাড়া না থাকায় রিফাত তাকে বিকাশে ৫০০ টাকা পাঠায়। টাকা পাওয়ার পর ওই দিন সকাল ৬টায় কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জ লঞ্চঘাটে এসে পৌঁছায়। পরে রিফাতের কথামতো সে বন্দর খেয়াঘাটে গেলে রিফাত তাকে নিয়ে মিশুকযোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে।
বিকেল আনুমানিক ৩টার দিকে রিফাত কিশোরীকে নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার একটি নির্জন স্থানে চার ফুট দেয়াল ঘেরা খালি জমিতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই রিফাতের বন্ধু রোমান উপস্থিত ছিল। তারা দুজন কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেয়। কিশোরী এতে রাজি না হওয়ায় রিফাত ও রোমান তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সময় একজন ধর্ষণ করলে অন্যজন পাহারায় লিপ্ত ছিল বলে জানা যায়।
ধর্ষণের পর অভিযুক্তরা পালিয়ে গেলে কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঘটনার প্রধান দুই হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।