তামিম হোসেন সবুজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:০৪
শার্শায় ৭ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২৬ বারসহ আটক ১
যশোরের শার্শা সীমান্তে বড় ধরনের চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার সহ রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
এ সময় ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
২১ বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, স্বর্ণের মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এছাড়া দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ৪০ হাজার টাকা এবং স্মার্ট ঘড়িটির মূল্য ১২ হাজার টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান চক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।