সীমা প্রধান
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০০:৩৪
মনোহরদীতে চাঞ্চল্যকর রবি আউয়াল হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেফতার
নরসিংদীর মনোহরদীতে চাঞ্চল্যকর দরিদ্র কৃষক রবি আউয়াল হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মো. ইয়াসিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর নয়াআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোহরদী থানার এসআই মোহাম্মদ আল ইসলাম ও এসআই মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতার ইয়াসিন মনোহরদী থানার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর গ্রামের হরযত আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইসলাম বলেন, মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর গ্রামের দরিদ্র কৃষক রবি আউয়াল হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এ ঘটনায় মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে পূর্ব মজিদপুর এলাকার হরযত আলীর ছেলে মো. ইয়াসিনকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়। ঘটনার পর থেকেই আসামি ইয়াসিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার তাকে আটক করা হয়। আসামিকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানের সন্তুষ্টি প্রকাশ করে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, অনেক কষ্টের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি ইয়াসিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আইনের শাসন প্রতিষ্ঠায় ও অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।