ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ রাত ০৮:৫১:২২
ভাঙ্গায় কুমার নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে নিখোঁজের ১৮ ঘন্টা পর কৃষক মিঠু খলিফার (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার সময় মোকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় মরদেহটি ।
কৃষক মিঠু খলিফার বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার জ্যেষ্ঠ পুত্র ।
স্থানীয়রা জানান, গত শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে পাট ধোয়া শেষ করে মিঠু খলিফা সাতার কেটে পাড়ের কাছাকাছি এসে একটি বাঁশের খুঁটি ধরে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এরপর হঠাৎ করেই নিখোঁজ হন তিনি ।
এরপর স্থানীয় গ্রামের লোকজন নৌকা নিয়ে এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফরিদপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কুমার নদীতে নিখোঁজ কৃষক মিঠু খলিফাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। দীর্ঘ ৬ ঘন্টা নদীতে তল্লাশি চালিয়েও তার কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকর্মীরা।
এদিকে মিঠু খলিফা নদীতে নিখোঁজের ঘটনায় তার পরিবারের সদস্য ও আত্মীয়- স্বজনসহ হাজারো গ্রামবাসী নদীর দুই পাড়ে অবস্থান করে। পরে আজ সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, আজ রবিবার সকালে তার মরদেহ মনির কান্দা এলাকায় কুমার নদী থেকে উদ্ধার করি। এর আগে শনিবার দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম চালাই। দীর্ঘ ছয় ঘণ্টার মধ্যেও মিঠু খলিফার সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করি।