মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ১০:২৬:৩৫
পাটুরিয়ায় ফেরির সাইলেন্সার পাইপে আগুন, আতঙ্কে যাত্রীরা
মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের ব্যস্ত সময়ে ফেরিটি ঘাটে অবস্থান করছিল। হঠাৎ করেই ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, এতে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান জানান, এটি ফেরির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও এদিন আগুনের মাত্রা তুলনামূলক বেশি ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসির টার্মিনাল সুপারিনটেনডেন্ট রায়হান খান জানান, ফেরির সাইলেন্সার পাইপে কার্বন জমে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন লাগে এবং প্রায় ৪০ মিনিট পর তা নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, সাইলেন্সার পাইপে কার্বন জমে গেলে এ ধরনের আগুন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা হয়।
তিনি আরও জানান, সংস্থার নিজস্ব ব্যবস্থাপনাতেও আগুন নিয়ন্ত্রণ সম্ভব ছিল। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কার্বন অপসারণ শেষে অল্প সময়ের মধ্যেই ফেরিটিকে পুনরায় চলাচলের উপযোগী করা হবে।