রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:২৫:৩৬
বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি শুকনা গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন তিনমাথা ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশের আন্ডারপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. আসলাম মিয়া (২৮), পিতা: মো. কবির আলী, সাং: চর হরিকেশ, থানা: কুড়িগ্রাম সদর; মো. বাবুল হুসাইন (৩৬), পিতা: মো. মোবারক আলী এবং মো. নমিজ উদ্দিন (৩৫), পিতা: মৃত অছিমুদ্দিন—উভয়ের বাড়ি অনন্তপুর এলাকার বালাবাড়ী ও বেড়াকুটি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।
এসময় তাদের হেফাজত থেকে ৩ (তিন) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।