বন্দর (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ রাত ১১:১৩:৪৬
বন্দরে গৃহবধূকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার চেষ্টা: থানায় লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণের পর বিচার চাওয়ায় মারধর এবং শরীরে আগুন দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা ওই গৃহবধুর বৈবাহিক জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্বামীর ছোট ভাই একাধিকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সর্বশেষ গত ৬ মার্চ বিকেলে তার নিজ ঘরে একই ধরনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিষয়টি স্বামী, শাশুড়ি ও ননদদের জানিয়ে বিচার চাইলে তারা উল্টো তাকে মারধর করেন এবং বিষয়টি চেপে যেতে চাপ দেন বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার জেরে গত ৮ মার্চ সকালে স্বামী, দেবর, শাশুড়ি ও দুই ননদ মিলে তাকে মারধর করেন। একপর্যায়ে তার স্বামী গ্যাস লাইট দিয়ে পরনের কাপড়ে আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হন। পরে অভিযুক্তরা চিকিৎসার কথা বলে তাকে বন্দর ঘাট এলাকায় রেখে পালিয়ে যান।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার খবর পেয়ে গত ১২ মার্চ বিকেলে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তবে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না এবং ঘটনার বিস্তারিত তথ্যও এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”