মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৫
শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ও নজরদারি
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেন।
রবিবার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্র জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের সাম্প্রতিক অস্থিরতার প্রভাব দেশে পড়ায় কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা রোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই মোতায়েন।
সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এছাড়া প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও বাড়তি পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। তবে বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রেলপথে চট্টগ্রাম থেকে তেল আসার সময় কিংবা বিভিন্ন ডিপো থেকে তেলবাহী যানবাহন চলাচলের সময় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে।
এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।