রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৬:৪২
বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বগুড়ার শেরপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আসমা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুইজন খুচরা বিক্রেতাকে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, “আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামে ওঠানামা থাকলেও দেশে নির্ধারিত মূল্য বহাল রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।”
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে।