আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৮:০৮
মধুপুরে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে এ মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। মেলাটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে।