মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৩:০৫
নবীনগরে ২৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আউশ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ২৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কৃষকদের জন্য শিগগিরই কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। তিনি জানান, আউশ মৌসুমে আবাদ বৃদ্ধি ও ফলন উন্নয়নের লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা অধিক জমিতে আউশ চাষে উৎসাহিত হবেন।
কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নতমানের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিনামূল্যে এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং সময়মতো আবাদ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন।